নাগরিক সেবা নিতে দূরের মানুষকে সিলেট নগরে আসতে হলে সময়-অর্থ অপচয়ের আশঙ্কা
বিশ্বনাথ-গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা-এমরানের

প্রকাশিত: 1:08 PM, August 29, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>নাগরিক সেবা নিতে দূরের মানুষকে সিলেট নগরে আসতে হলে সময়-অর্থ অপচয়ের আশঙ্কা</span> <br/> বিশ্বনাথ-গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা-এমরানের

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আওতা বাড়ানোর প্রস্তাব থেকে বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলাকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ওই দুই উপজেলার সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তারা এ দাবি জানান।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আওতা বাড়ানোর একটি পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ওই প্রস্তাবে গোলাপগঞ্জ উপজেলাকেও অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।

তিনি বলেন, ‘দায়িত্বশীলদের সামনেই বলছি, এই কর্তৃপক্ষের অধীনে আনার যে প্রস্তাবনা পাঠানো হয়েছে, সেখান থেকে গোলাপগঞ্জকে বাদ দিতে হবে। সিলেট সিটি করপোরেশন ও সদর এলাকার মানুষের সেবা নিশ্চিত করার পাশাপাশি দূরের কোনো উপজেলাকে যুক্ত করে সেখানকার নাগরিক সেবা ব্যাহত করার প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, গোলাপগঞ্জকে সিউকের সঙ্গে যুক্ত করা হলে স্থানীয় বাসিন্দাদের নাগরিক সেবা নিতে সিলেট নগরে আসতে হতে পারে। এতে মানুষের সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হবে। তাই গোলাপগঞ্জকে সিউকের আওতায় না নেওয়ার আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কাজের পরিধি বাড়ানোর জন্য একটি পরিকল্পনা করা হয়েছে। ওই পরিকল্পনায় বিশ্বনাথ উপজেলার নামও রয়েছে।

তিনি বলেন, ‘আমার আহ্বান থাকবে, এই সংস্থার সঙ্গে আমার সংসদীয় আসন বিশ্বনাথ উপজেলাকে যুক্ত করবেন না। বিশ্বনাথের নাগরিকদের যেন নাগরিক সেবা নিতে সিলেট শহরে আসতে না হয়, সেটিই আমি চাই। স্থানীয়ভাবে সেবা পাওয়ার সুযোগ থাকলে এতে মানুষের সময় ও অর্থ—দুইই সাশ্রয় হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকসহ অন্যরা।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক গুলজার আহমদ। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিউকের পক্ষ থেকে জানানো হয়, কর্তৃপক্ষের আওতাধীন এলাকা নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। এতে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার ৪১টি ইউনিয়ন এবং সিটি করপোরেশন এলাকা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত এলাকার আয়তন প্রায় ১ হাজার ১৬৮ বর্গকিলোমিটার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর