ঢাকা |
প্রকাশিত: 1:40 PM, August 29, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে একটি মোটরসাইকেলে দুই যুবকের মাঝে বসা এক তরুণীর ‘নিথর’ অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তরুণীর সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে। তবে তার বড় বোনের দাবি, ওই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ওই তরুণীর সঙ্গে কথা বলেন প্রতিবেদক। ২৬ বছর বয়সী তরুণী মিতু (ছদ্মনাম) জানান, তিনি বর্তমানে ভালো আছেন। তবে বিস্তারিত কথা বলার জন্য দুদিন পর দেখা করার কথা জানিয়ে ফোন কেটে দেন।
পরে তার বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় কথা হয়। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার টঙ্গীর বাসা থেকে রাগ করে বের হয়ে যান মিতু। ওইদিন তার বড় বোন ও দুলাভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। বিষয়টি মেনে নিতে না পেরে তিনি বাসা থেকে বেরিয়ে যান বলে জানান তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মুফতি মনোয়ার হোসেন জানান, বুধবার রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর সড়কে তিনি একটি মোটরসাইকেলে তিনজনকে দেখতে পান। ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে তিনি মোটরসাইকেলটিকে অনুসরণ করছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের চালকের পেছনে বসা এক যুবক তরুণীকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর পা দুটি খালি ছিল এবং অস্বাভাবিকভাবে ঝুলছিল।
এ অবস্থায় তরুণীটি জীবিত নাকি অচেতন, তা নিয়ে তার সন্দেহ তৈরি হয়। পরে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে পোস্টটি ছড়িয়ে পড়ে। অনেকেই কমেন্টের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
মিতুর দুলাভাই বলেন, ‘মিতু (ছদ্মনাম) কখনো ড্রিংকস করে নাই। সেদিন আমরা স্বামী-বউ ঝগড়া করছিলাম। এটা দেখে ও রাগ করে চলে যায়। তারপর হয়তো উত্তরার বারে গিয়ে ড্রিংকস করে। এরপর অসুস্থ হয়ে পড়লে ছেলেগুলো বাসায় দিয়ে যায়।’
মোটরসাইকেল চালকের পরিচয় সম্পর্কে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার বাড়ি রাজেন্দ্রপুরে এবং নামের শেষাংশ ‘আলম’। তিনি বিবাহিত।
আলম মিতুর স্বামী কি না জানতে চাইলে দুলাভাই বলেন, বিয়ে করবে বলে শুনেছি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই তরুণীর আগে দুটি বিয়ে হয়েছে। তার সাবেক এক স্বামী তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তরুণীর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগের পর তরুণী নিজেই জানিয়েছেন, তিনি বর্তমানে ভালো আছেন। তবে ঘটনার পুরো বিষয়টি নিয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host