ঢাকা |
প্রকাশিত: 2:53 PM, August 29, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা মাদ্রাসা ও সূর্য্যেরটেক কবরস্থান সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কবরস্থানের অস্তিত্ব।
স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, শিমুলতলা গ্রামের মৃত আক্রম আলী কমান্ডারের ছেলে মোঃ হাবিবুর রহমান (৫০) কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব স্পর্শকাতর এলাকার আশপাশ থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন।
সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও কবরস্থানের অতি নিকটে মাটি ও বালু খুঁড়ে বড় বড় গর্ত তৈরি করা হয়েছে। এসব বালু ট্রলি ও নৌকাযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। বর্ষার পানি জমে গর্তগুলো এখন বিপদজনক জলাশয়ে পরিণত হয়েছে। ফলে স্কুলে আসা-যাওয়ার পথে কোমলমতি শিক্ষার্থীদের বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কায় রয়েছেন উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। পাশাপাশি, কবরস্থানের পাশে ভূমিধসের ঝুঁকি দেখা দেওয়ায় ভবিষ্যতে লাশ দাফন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার নিষেধ ও সতর্ক করা সত্ত্বেও অভিযুক্ত হাবিবুর রহমান বালু উত্তোলন বন্ধ করেননি।
অবশেষে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ ও স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় গত ২৭ জুলাই তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের আনোয়ার হোসেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, বালু তুলতেছি এইডা সত্য। তবে আমার নিজস্ব রেকর্ডীয় জায়গা থেকেই বালু তুলে বিক্রি করছি। যে অভিযোগ করেছে সে একটা পাগল।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারুখ আলম শান্তনু জানান, অভিযোগটি আগে পাইনি, আজ জেনেছি। বিষয়টি জানতে পেরে সাথে সাথেই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহশিলদার) তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম ছোট করে দিন
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host